১২ দিনেই ট্রিলিয়নিয়ার তকমা হারালেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১৮ পিএম
বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে ইতিহাস গড়ার মাত্র ১২ দিনের মাথায় সেই মর্যাদা হারিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মালিকানাধীন স্পেসএক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের কারণে সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক পতনের প্রভাবে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে। এর ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে অর্জিত তার সাম্প্রতিক স্বীকৃতি ধরে রাখা সম্ভব হয়নি।
গত ১২ জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। সে সময় তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে।
এরপর ১৬ জুন লেনদেন চলাকালে স্পেসএক্সের শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছালে মাস্কের সম্পদের পরিমাণ রেকর্ড ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়। তবে সেই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তী সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়।
ফোর্বসের তথ্য অনুযায়ী, টানা তিন দিনের দরপতনে স্পেসএক্সের বাজারমূল্য প্রায় ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার থেকে ৯২৮ বিলিয়ন ডলার কমে ২ ট্রিলিয়ন ডলারের সামান্য বেশি পর্যায়ে নেমে এসেছে।
অন্যদিকে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও একদিনে ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৮৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ৯৫৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অন্যদিকে ফোর্বস জানিয়েছে, মঙ্গলবার দিন শেষে তার মোট সম্পদ দাঁড়িয়েছে ৯৬২ বিলিয়ন ডলারে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় মাইক্রন ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের শেয়ারেও বড় ধরনের দরপতন হয়েছে। আর সেই প্রভাবেই ওয়াল স্ট্রিটজুড়ে প্রযুক্তি খাতে সামগ্রিক ধস নেমেছে।