তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিনি এ তথ্য জানান।

প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে গত ১০ জুন ওভারসাইট কমিটির সামনে জবানবন্দি দেন বিল গেটস। মঙ্গলবার (২৩ জুন) সেই সাক্ষ্যের অনুলিপি প্রকাশ করে কমিটি।

সাক্ষ্যে গেটস জানান, রাশিয়ার দুই নারী—ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আরও এক নারী বিজ্ঞানীর সঙ্গে সম্পর্ক থাকার বিষয়ও স্বীকার করেন।

তবে গেটস দাবি করেন, তিনি কখনো জেফরি এপস্টিনের কোনো যৌন নিপীড়নের ঘটনা প্রত্যক্ষ করেননি। যদিও বিভিন্ন সময়ে এপস্টিনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি অজান্তেই ভুক্তভোগীদের সংস্পর্শে এসে থাকতে পারেন বলে উল্লেখ করেন।

এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে গেটস বলেন, তার সঙ্গে যোগাযোগ ও সময় কাটানো ছিল একটি ভুল সিদ্ধান্ত। তিনি জানান, জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করতেই মূলত এপস্টিনের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়েছিল।

সাক্ষ্যে গেটস ইঙ্গিত দেন, তার ব্যক্তিগত সম্পর্কের তথ্য জানার পর এপস্টিন তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। তিনি আরও জানান, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে পরিচয়ের আগেই চিকিৎসা উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরোদতের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

গেটস বলেন, এপস্টিন তার ওই সম্পর্কের বিষয়েও জানতেন—এ তথ্য জেনে তিনি বিস্মিত হয়েছেন। এর আগে তিনি কংগ্রেসকে জানিয়েছিলেন, এপস্টিন কেবল দুটি সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন।

জবানবন্দির সময় কংগ্রেস সদস্যরা গেটসকে ২০১৩ সালের জুলাই মাসে এপস্টিনের নিজের কাছে পাঠানো একটি ই-মেইল দেখান, যেখানে গেটসের প্রসঙ্গে অ্যালিস জ্যাকবস নেসেলরোদতের নাম উল্লেখ ছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ওই ই-মেইলের সংস্করণে গেটসের নাম গোপন রাখা হয়েছিল।

তবে গেটস জোর দিয়ে বলেন, এপস্টিন তার বিরুদ্ধে কোনো ধরনের ব্ল্যাকমেইল কার্যকর করতে পারেননি। একই সঙ্গে এপস্টিন-সংক্রান্ত নথিতে তার বিরুদ্ধে যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার যে দাবি করা হয়েছে, সেটিও তিনি প্রত্যাখ্যান করেছেন।

গেটসের ভাষ্য অনুযায়ী, একসময় বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সংক্রমণের আশঙ্কা থাকলেও বাস্তবে তার শরীরে কখনো কোনো যৌনবাহিত রোগ শনাক্ত হয়নি।

সাম্প্রতিক সময়ে জেফরি এপস্টিন-সংক্রান্ত বিভিন্ন নথি প্রকাশের পর গেটস ও এপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব নথিতে তাদের যোগাযোগ ও ব্যক্তিগত তথ্য নিয়ে নানা দাবি উঠলেও বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে অস্বীকার করেছেন বিল গেটস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970