মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে যাওয়া ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান চালায় ইরান। অত্যাধুনিক যুদ্ধবিমানের অভাবে মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও, একই সময়ে কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে পুরোনো সুখোই-২৪ যুদ্ধবিমান নিয়ে দুঃসাহসিক অভিযান চালান কয়েকজন ইরানি পাইলট।

তবে প্রায় ৩৫ বছর পুরোনো ওই দুটি যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হয় বলে দাবি করা হয়েছে।

ওই অভিযানে অংশ নেওয়া একটি সুখোই-২৪ বিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ কাতার থেকে ইরানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির পরিচয় নিশ্চিত করেন ইরানি কর্মকর্তারা।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, অভিযানে অংশ নেওয়া দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান আল-উদেইদ বিমানঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল।

বিশ্লেষকদের মতে, পুরোনো যুদ্ধবিমান নিয়ে কাতারের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন এলাকায় অভিযান পরিচালনা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরও সম্ভাব্য ভূপাতিত হওয়ার আশঙ্কা জেনেই ইরানি পাইলটরা ওই অভিযানে অংশ নিয়েছিলেন।

যুদ্ধ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আল-উদেইদ ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করা হয়। সে সময় নিরাপত্তার কারণে ঘাঁটিতে অবস্থানরত সেনা সদস্য ও যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970