হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা হলে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে সমঝোতা হলে দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে দ্রুতই একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত প্রস্তাবিত সমঝোতার বিষয়ে ইরানের আলোচকরা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। মধ্যস্থতাকারী একটি দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, অনুমোদন মিললেই আলোচনা আরও এগিয়ে যেতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম-কানুন নির্ধারণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
সংঘাত শুরুর আগে প্রতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে গড়ে ১৩০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। কিন্তু চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩৩টিতে। আগের সপ্তাহের একই সময়ে প্রণালিটি ব্যবহার করেছিল ৫০টি জাহাজ।
এদিকে জাহাজ চলাচলের সম্ভাব্য ব্যয় নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ সমপরিমাণ অর্থ আদায়ের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ হারে অর্থ নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের বিরোধিতা করে আসছে।
জাহাজ চলাচল ও বিমা খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরানি কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করা হলে তা যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিমা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।