ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, আবারও হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, দেশটির বর্তমান পরিস্থিতি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রের মতো।
চার থেকে ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই সময়সীমা পেরিয়ে প্রায় ছয় মাস পরও মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান হয়নি। বরং হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদক ম্যানুয়েল রাপালোর প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩১ আগস্ট) হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে জর্ডানের সামরিক বাহিনীর দাবি, লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।
এরপর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। চলমান সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিচ্ছে কি না, জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বরং ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দেশটির সক্ষমতা ব্যাপকভাবে কমে যাওয়ার দাবি করেন।
ট্রাম্প বলেন, ইরানের নিজস্ব মুদ্রা নেই, দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের বড় একটি অংশ নিহত হয়েছেন এবং সামরিক সক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণ দেখিয়ে ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেন তিনি। একই সঙ্গে প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
তবে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের যুদ্ধ হিসেবে দেখতে নারাজ ট্রাম্প। তার দাবি, ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় প্রতিরাতে গড়ে অন্তত ৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।