মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, ফের হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৮ জন। এর মধ্যেই ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘যেকোনো সময়’ তেহরানে হামলা চালাতে পারে। এর আগে মঙ্গলবার রাতে ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটিই সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর মধ্যে হরমুজ প্রণালির কাছের কুহেস্তাক শহরের একটি বিয়ের অনুষ্ঠানও হামলার শিকার হয়।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের একজনের বয়স মাত্র ৪ বছর। কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কুহেস্তাকের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি—যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

এদিকে ইরানে মার্কিন হামলার জবাবে বাহরাইন, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির পাশে ইরান নতুন করে যেসব সামরিক সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, মার্কিন হামলায় সেগুলো ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলা চালানোর প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

দীর্ঘ ছয় মাসের এই যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হলেও বর্তমানে সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল তারিক খানের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ক্রমেই ‘অস্বস্তিকর কৌশলগত অবস্থানে’ পড়ছে। তার ভাষ্য, প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা ইরানের পক্ষে সম্ভব না হলেও যুদ্ধ দীর্ঘায়িত করে ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক ব্যয় বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970