মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।

শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিখুঁত অভিযানের কারণে ইরানের এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। এর মধ্য দিয়ে জাহাজটি সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর অন্যান্য জাহাজের সঙ্গে যুক্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা ইরানের নৌবাহিনীকে প্রায় পুরোপুরি ধ্বংস করেছে এবং দেশটির বেশির ভাগ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।

সেন্টকমের সর্বশেষ বক্তব্যেও সেই দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। তাদের দাবি, আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল, নতুন করে ডুবে যাওয়া এম/টি কায়লোও এখন সেগুলোর সঙ্গে যুক্ত হলো।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির তিনটি যুদ্ধজাহাজ এবং অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

এর আগে গতকাল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল। এর জেরেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

তবে ইরানের সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970