দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: ভারতীয় মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। এমন দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল। তার মতে, যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোরেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠবে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ইন্দোরে মেট্রোরেলের বর্ধিত রুট উদ্বোধনের পর এসব কথা বলেন মনোহর লাল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ হাজার ৩৮৬ কিলোমিটার। ইন্দোরের বর্ধিত রুট যুক্ত হওয়ার পর ভারতে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ কিলোমিটারে। ফলে যুক্তরাষ্ট্রের তুলনায় ভারত এখন মাত্র ২১৬ কিলোমিটার পিছিয়ে রয়েছে।
মনোহর লাল বলেন, ২ হাজার ৮৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইন্দোর মেট্রোরেলের বর্ধিত রুট চালু হয়েছে। অন্যদিকে চীনে বর্তমানে প্রায় ৮ হাজার কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক রয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোরেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।
মনোহর লাল আরও জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার সময় ভারতের মাত্র ৫টি শহরে মোট ২৪৫ কিলোমিটার রুটে মেট্রোরেল চলাচল করত। বর্তমানে ২৬টি শহরে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে ১ হাজার ১৭০ কিলোমিটারে পৌঁছেছে।
তিনি বলেন, মেট্রোরেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যের সঙ্গেও মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ইন্দোরের উন্নয়নে মেট্রোরেল নতুন অধ্যায়ের সূচনা করছে। ভবিষ্যতে এই সেবা উজ্জয়িনী ও আশপাশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে।
ইন্দোর-মানমাদ রেললাইন নির্মাণে ১৮ হাজার ৫০০ কোটি রুপির প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মোহন যাদব। তার দাবি, এই রেললাইন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
কর্মকর্তারা জানান, এতদিন ইন্দোর মেট্রোরেল গান্ধীনগর থেকে সুপার করিডর-৩ স্টেশন পর্যন্ত ৬ কিলোমিটার পথে বাণিজ্যিকভাবে চলাচল করছিল। এখন গান্ধীনগর থেকে মালভিয়া নগর চৌরাহা পর্যন্ত ১৭ কিলোমিটার পথে মেট্রোরেল চলবে।
বর্ধিত রুটে প্রতিদিন সকাল ৯টায় দুই প্রান্ত থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে। দিনের শেষ ট্রেন চলবে সন্ধ্যা ৭টায়। প্রতি ১৫ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে এবং প্রতিদিন ৮০টির বেশি ট্রিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বর্ধিত রুটে মোট ১৬টি স্টেশন থাকবে। এর ফলে ইন্দোরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।