ভাড়া নিয়ে কথা-কাটাকাটি, বাড়িওয়ালার লাঠির আঘাতে প্রাণ গেল ভাড়াটিয়ার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়িভাড়া নিয়ে রকিবুল ইসলামের সঙ্গে বাড়ির মালিক মজলিস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক আল মিরাজ খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক ও তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970