কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২৫ শিশু কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফরের একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারাও সবাই শিশু ও কিশোর।
শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কেপ ভার্দেতে এ ধরনের সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়কগুলোর অবস্থা ভালো এবং যানবাহনও সাধারণত ত্রুটিমুক্ত থাকে।
জোসে কানুতো জানান, দুর্ঘটনার শিকার বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। এটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি হঠাৎ সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।
এই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন বাসটির চালক নিজেই। প্রতি বছর তিনি নিজের খরচে কয়েকজন স্কুল শিক্ষার্থীকে উপহার হিসেবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও তিনি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন। দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে রাতভর কাজ করেন। পরে বাসটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় গিয়ে থেমে থাকার বিষয়টি জানা যায়।
রোববার ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয়েছে। আরসিভির তথ্য অনুযায়ী, বাকি নিহতদের দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল।