একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
ইসরায়েলের বিরুদ্ধে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ পরিকল্পনায় হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের একসঙ্গে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবরের হামলার সময় সমন্বয়ের যে ঘাটতি ছিল, তা দূর করতেই এবার নতুন কৌশল নেওয়া হয়েছে। ওই সময় হামাস এককভাবে হামলা শুরু করায় ইরান ও হিজবুল্লাহ একই সময়ে অন্য ফ্রন্টগুলো সক্রিয় করতে পারেনি।
আরব গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, তেহরান এবার হামলার শুরু থেকেই সবকটি ফ্রন্ট একযোগে সক্রিয় করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত জুলাইয়ে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত খলিল আল হায়ার সঙ্গে তেহরানের সুসম্পর্কও এই সমন্বয়কে আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও উত্তর দিক থেকে একযোগে চাপ বাড়ানোর লক্ষ্যে হামাস ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সমন্বয়ের বিষয়টি শনাক্ত করেছে।
সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর ক্ষয়ক্ষতির পর এই জোটে ইয়ামেন ও ইরাকের মিলিশিয়াদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়ানো হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট