দুই মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পক্ষ থেকে দুই মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। বুধবার, ৯ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের অভিযান পরিচালনাকারী ইউনিটগুলো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডিডিজি ১১৯ ও ডিডিজি ৫৩ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জাহাজ দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এইজিস প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত বলে জানিয়েছে ইরান।
ইরানের দাবি, দেশটির তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ও হয়রানির জবাব হিসেবেই মার্কিন যুদ্ধজাহাজ দুটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, হামলায় যুদ্ধজাহাজ দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার কথা জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী কয়েকটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে।
তবে দুই মার্কিন যুদ্ধজাহাজে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।