শেষ হয়ে গেছে সৌদির ইন্টারসেপ্টর মিসাইল, সাহায্য চায় অন্যান্য দেশের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম
নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দীর্ঘদিনের হামলা মোকাবিলা করতে গিয়ে দেশটির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রে টান পড়েছে বলে জানা গেছে।
বুধবার ১৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাকারী ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।
এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি ভূখণ্ডে মোতায়েনের অনুরোধ জানিয়েছে। হুতিদের সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব অন্যান্য দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে।
এদিকে বুধবার সৌদি আরব দাবি করেছে, হুতিরা পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। তবে ড্রোনটি মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে হুতিরা সৌদি আরবের এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরব এ বিষয়ে মিথ্যাচার করেছে। হুতিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের হামলার একমাত্র লক্ষ্য তেল অবকাঠামো।
এদিকে আরব দেশগুলো এখন পর্যন্ত সৌদি আরবের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও সামরিকভাবে সহায়তা দেওয়ার কোনো আশ্বাস দেয়নি।