বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইয়েমেনের সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। সোমবার ৫ অক্টোবর দেশটির সরকার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন অভিযান ঘোষণা করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারের জন্য এই অভিযান বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ, এর মাত্র এক মাস আগে লোহিত সাগরের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা এবং বাব আল মান্দেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছিল সরকারি বাহিনী।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, হুতিদের কামান ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা স্থাপনা, যাতায়াত ও রসদ সরবরাহের পথ, সরবরাহ লাইন, সামরিক সরঞ্জাম পরিবহনের অবকাঠামো এবং অতিরিক্ত সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

পরে সামরিক মুখপাত্র দাবি করেন, বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। তবে হুতি সমর্থিত সংবাদমাধ্যম সরকারি বাহিনী ওই এলাকায় কোনো ভূখণ্ড পুনর্দখল করেছে বলে অস্বীকার করেছে।

এদিকে সরকারি বাহিনীর ব্যাপক হামলার পরও হুতিদের অগ্রযাত্রায় তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না। রোববার হুতিরা গুরুত্বপূর্ণ শহর তাইজকে কার্যত ঘিরে ফেলে। একই সঙ্গে শহরটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের রাজধানী এডেনের প্রধান সরবরাহ পথও বিচ্ছিন্ন করে তারা।

তাইজ প্রদেশ ও আশপাশের এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এক দিনেই ৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সংঘাতে জড়িত দুই পক্ষের সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে শুক্রবারের সংঘর্ষে ৮০ জন যোদ্ধা নিহত হওয়ার খবরও জানিয়েছিল এএফপি।

বাব আল মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের সংঘাত আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: সিবিএস নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970