চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল, তবু জয় পেল না সান্তোস

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে তার দুর্দান্ত প্রত্যাবর্তনেও জয় পায়নি সান্তোস। ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।

শুক্রবার নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হয় সান্তোস। ম্যাচের প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৪৩ মিনিটে দানিলো এবং প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো।

বিরতির পর ফিলিপ কৌতিনিয়োর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের ৭৯ মিনিটে জর্জিনহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে দুই গোল করে সমতায় ফেরে সান্তোস। ৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দুটি করেন নেইমার। তার জোড়া গোলে নিশ্চিত পরাজয় এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান ঊরুর পেশিতে চোট পান নেইমার। পেশি ছিঁড়ে যাওয়ার কারণে সান্তোসের হয়ে টানা ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি। দীর্ঘ বিরতির পর ফিরে জোড়া গোল করায় দলের জন্য তার গুরুত্ব আবারও স্পষ্ট হয়েছে।

ম্যাচে নেইমার ও তার সাবেক জাতীয় দল সতীর্থ লুকাস পাকেতার মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নেইমারকে ফাউল করার ঘটনায় হলুদ কার্ড দেখেন ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডার।

এই ড্রয়ে দুই দলের টানা পাঁচ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে। পাশাপাশি শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফ্ল্যামেঙ্গো। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সংগ্রহ ৬১ পয়েন্ট। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে সান্তোস। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে পালমেইরাসের ব্যবধান মাত্র এক পয়েন্ট।

গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার। এবারও চোট কাটিয়ে ফিরে গোলের ছন্দে ফেরায় আশাবাদী হতে পারে দলটি। মৌসুমের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারলে পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে সান্তোসের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970