সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের পানি সংকট ও দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থে বিএনপি সরকার এ দুই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের পর সেই কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, খাল খননের সঙ্গে মানুষের জীবন, কৃষি ও পরিবেশের বিষয় সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, গত দুই দশকে ভূগর্ভস্থ পানি ব্যাপকভাবে উত্তোলন করা হয়েছে। এই ঘাটতি পূরণে বর্ষার পানি সংরক্ষণ ও খালের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে যাচ্ছে। এতে নদী শুকিয়ে যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানি প্রবেশ করছে। এর প্রভাবে সুন্দরবন, কৃষিজমি, জনপদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিস্তা অঞ্চলে বিএনপি সরকার ইতোমধ্যে কর্মসূচি পালন করেছে এবং ভবিষ্যতে তিস্তা ব্যারাজ বাস্তবায়নেও সরকার কাজ করবে।

অনুষ্ঠানে তিনি কক্সবাজার সমুদ্র উপকূলে নির্মাণাধীন একটি সড়ক প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সেখানে শতাধিক গাছ কাটার পরিকল্পনা থাকলেও গাছ রক্ষায় প্রকল্পের নকশা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পরে তিনি তালগাছ রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970