অসুস্থ শিক্ষকের জন্য মঞ্চ থেকে নেমে অবসর ভাতা তুলে দিলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারছিলেন না এক অবসরপ্রাপ্ত শিক্ষক। বিষয়টি নজরে আসতেই নিজের আসন ছেড়ে মঞ্চ থেকে নিচে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ওই শিক্ষকের হাতে নিজেই অবসর ভাতার অর্থ ও স্মারক তুলে দেন তিনি।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর এমন আচরণে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শারীরিক দুর্বলতার কারণে ওই শিক্ষক মঞ্চে উঠতে না পারায় প্রধানমন্ত্রী নিজ আসন থেকে উঠে নিচে চলে যান। এরপর অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তার হাতে অবসর ভাতা ও স্মারক তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। এ ক্ষেত্রে কোনো ভোগান্তি থাকবে না এবং মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থও হতে হবে না।
তিনি আরও বলেন, শিক্ষকদের বাস্তব অবস্থা নিয়ে একটি ভিডিওতে তারা বিষয়টি দেখেছেন। আগে ঘুষ দিয়ে অবসর ভাতার টাকা নিতে হতো। এখন যেভাবে সহজে শিক্ষকদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, অতীতে তা এতটা সহজ ছিল না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট করে অবসরের দুটি বোর্ডকে পঙ্গু করে রেখে গেছে।