সরানো হচ্ছে সচিবালয়, ডিসেম্বরে কাজ শুরুর পরিকল্পনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবে সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়েছে। পাশাপাশি বর্তমান সচিবালয় চত্বরে পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।

তবে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের অনুমোদন এখনো পাওয়া যায়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ উদ্বোধন করতে চায় সরকার।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের নকশাও প্রধানমন্ত্রী দেখেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

গণপূর্ত অধিদপ্তর ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি নকশা প্রস্তুত করেছে। প্রকল্পটি ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ জন্য প্রয়োজনীয় তথ্য গণপূর্ত অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নিজেই এ কাজের উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে তিন বছরের মধ্যে কয়েকটি মন্ত্রণালয় নতুন সচিবালয়ে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। তবে পুরো কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের উন্নয়ন প্রস্তাব তৈরির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে নির্মাণকাজ শুরু করতে চান। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

অন্যদিকে, স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সামনে সচিবালয় কমপ্লেক্সের তিনটি বিকল্প নকশা উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের পর গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970