রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত দুজন হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।
রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। অন্যদিকে, মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে।
নিহত শাহেদ আহম্মেদের গ্রামের ডাকঘর মাদলা এবং নাসরুল্লাহ বদরপুরির গ্রামের ডাকঘর ঢালুয়া বলে জানিয়েছে মন্ত্রণালয়।