কুমিল্লায় ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দিতে এসে থানার গেটেই বাবার মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম
ছেলের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার। হাতে ছিল লিখিত অভিযোগ। তবে পুলিশের কাছে অভিযোগটি জমা দেওয়ার আগেই থানার প্রধান ফটকের সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছেলে শহিদুল ইসলাম শরীফের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ জানাতে থানায় এসেছিলেন আবু তাহের। এর আগে থানার পাশের একটি দোকান থেকে লিখিত অভিযোগ তৈরি করিয়ে নেন তিনি। অভিযোগের কপি হাতে থানায় প্রবেশের সময় প্রধান ফটকের কাছেই হঠাৎ পড়ে যান।
পরে পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহেরের সঙ্গে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত একটি ইনহেলারও ছিল। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, আবু তাহেরের ছেলে শরীফ মাদকাসক্ত এবং বিভিন্ন সময় তিনি বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শনিবার সকালে আবু তাহেরকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশায়ই তিনি থানায় এসেছিলেন বলে জানান স্থানীয়রা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, থানায় অভিযোগ দিতে এসে গেটের সামনে পড়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।