নিখোঁজের ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে দুই কিশোরী উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর বুধবার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি, বয়স ১২ বছর এবং তানিসা আক্তার, বয়স ১৪ বছর।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর নির্ধারিত সময় পার হলেও তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি।

পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। কোথাও সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে কিশোরীদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।

পরে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় তারা অক্ষত অবস্থায় ছিল।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে যায়। তবে কীভাবে তারা কক্সবাজারে পৌঁছেছে এবং সেখানে কারও সহযোগিতা নিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970