গুম হবেন নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে: সাংবাদিককে এসি ল্যান্ডের হুমকি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে এক সাংবাদিককে মামলা, গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে। জমির নামজারি বাতিলের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার পর এক সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানোর বিষয়ে জানতে চাইলে অপর এক সাংবাদিককে ওই কর্মকর্তা হুমকি দিয়ে বলেন, ‘কোথায় যাবেন, মামলা করা হবে নাকি গুম হবেন, নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’

বৃহস্পতিবার বিকেলে রাফিউর রহমানের সরকারি মোবাইল ফোন নম্বরে ফোন করে তল্লাশির কারণ জানতে চাইলে সাংবাদিক সাখাওয়াত হোসেনকে তিনি এসব কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।

সাখাওয়াত হোসেন কালবেলার রৌমারী-রাজীবপুর উপজেলা প্রতিনিধি। আর তল্লাশির শিকার রফিকুল ইসলাম সাজু দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্র ও সাংবাদিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট একটি জমির নামজারি করা হয়। পরে ৩০ আগস্ট কোনো ধরনের নোটিশ বা শুনানি ছাড়াই সেটি বাতিল করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের কাছে মোবাইল ফোনে জানতে চান সাংবাদিক রফিকুল ইসলাম সাজু।

এরপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের সবুজপাড়া গ্রামে রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালান সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।

তল্লাশির কারণ জানতে পরে ওই কর্মকর্তাকে ফোন করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। সাখাওয়াতের অভিযোগ, এ সময় রাফিউর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথোপকথনের একপর্যায়ে তিনি রৌমারীর সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ বলে গালাগাল করেন। এরপর সাখাওয়াতকে উদ্দেশ করে রাফিউর রহমান বলেন, ‘আমি তো চলে যাব। তবে আমার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করেছেন, সে জন্য আপনাকে দেখে ছাড়ব। কোথায় যাবেন, মামলা করা হবে নাকি গুম হবেন নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’

জবাবে সাখাওয়াত বলেন, কোনো সংবাদে ক্ষুব্ধ হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু সরকারি দায়িত্বশীল পদে থেকে কাউকে গুম বা হত্যার হুমকি দেওয়া যায় না। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

সাখাওয়াত হোসেন বলেন, গত ১৪ মে কালবেলা অনলাইনে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনকে কেন্দ্র করে তাদের সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরোধ তৈরি হয়।

স্থানীয় সাংবাদিকদের আরও অভিযোগ, সাধারণ সেবাগ্রহীতা ও কৃষকদের সঙ্গে ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের একাধিক ঘটনা ঘটেছে। অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া সেচ মৌসুমে তেল সরবরাহে অযৌক্তিক শর্ত আরোপ, অবৈধ ড্রেজার বন্ধের নামে মাসোহারা দাবি এবং দুপুরের পর অফিসে অনুপস্থিত থাকার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক সাখাওয়াত হোসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, সাংবাদিক সাখাওয়াত হোসেনের জিডির আবেদনটি গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি একজন সরকারি কর্মকর্তা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, ‘সাংবাদিক সাখাওয়াত আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ ইউএনও আরও বলেন, রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970