গোপালগঞ্জে দুর্গাপূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে মদপানে ২ যুবকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত শনিবার ও রোববার কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) এবং একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর ষষ্ঠীর রাতে মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মদপান করেন। এরপর রাতে তিনজনই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদারের মৃত্যু হয়। অন্যদিকে, রোববার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণকান্ত বাড়ৈ।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন ডেকোরেশনের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে যান। সেখানে কয়েকজন মিলে মদপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার জানান, পূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে তার ভাই তরলজাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার থেকে পাঁচজন তরুণ তরলজাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন নিখোঁজ আছেন বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহামুদ বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। তারাও এ বিষয়ে অবগত নন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970