খেলার ছলে শ্যাম্পুমিশ্রিত পানি পান করে ২ শিশুর মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে সেই পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে আরও এক শিশু। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে শিশুটি।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হুমায়রার মৃত্যু হয় রোববার সন্ধ্যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে ব্যবহারের একটি বড় শ্যাম্পুর বোতল খালি হয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা সেটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে রেখে দিয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু ওই বোতল নিয়ে খেলছিল।
এ সময় শিশুরা প্লাস্টিকের হাঁড়িপাতিল নিয়ে খেলার পাশাপাশি শ্যাম্পুর ফেনা দিয়ে সেগুলো পরিষ্কার করছিল। একপর্যায়ে বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে তারা। পরে ওই শ্যাম্পুমিশ্রিত পানি পান করলে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অন্য শিশুটি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে বলে জানা গেছে।
পাগলা থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুমিশ্রিত পানি পান করে দুই শিশুর মৃত্যুর বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। শ্যাম্পুমিশ্রিত পানি পান করার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।