জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় দিনব্যাপী এসব মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।
আয়োজকদের মতে, নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমানো এবং পড়াশোনায় উৎসাহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে। এর আগে প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষকে এ সেবা দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অতীতেও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবার মতো মানবিক কর্মসূচি পালন করা হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও উত্ত্যক্তকরণ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
চক্ষুচিকিৎসা কর্মসূচিতে প্রতিমন্ত্রী বলেন, জিয়া পরিবার সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি পর্যায়ক্রমে নিজের নির্বাচনী এলাকার সব মানুষের চোখের সমস্যা দূর করার ঘোষণা দেন। পাশাপাশি জামায়াতের রাজনৈতিক নীতির সমালোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, মীর ফারিয়া তাবাসসুম, মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।