টাঙ্গাইলে ৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসর রাতেই বরের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতেই অসুস্থ হয়ে আয়নাল হক নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল।
গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সঙ্গে চলে যান। এরপর দুই সন্তানকে লালনপালন নিয়ে হতাশায় ভুগছিলেন আয়নাল।
এ অবস্থায় পরিবারের লোকজনের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে ২০ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন আয়নাল। পরে বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তার মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।