বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে নবীনবরণ অনুষ্ঠানে বিএনপির নেতাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ১০টার দিকে আমতলীর চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তারা।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

তিনি বলেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কি না, তা-ও জানি না।’

কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ছড়িয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970