কক্সবাজারে ঘুরতে গিয়ে ঘরে ফেরা হলো না কিশোরীর, কুমিল্লায় ধানখেতে মিলল মরদেহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুরে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমীন নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারের প্রায় চার ঘণ্টা পর কিশোরীর পরিচয় শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাজমীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

চাকরির সুবাদে তাজমীনের পরিবার কুমিল্লা নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকায় একটি সিএনজি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে আইলের পাশে এক কিশোরীর মরদেহ দেখতে পান তারা। মরদেহটির গলায় গামছা পেঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা ছিল।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

নিহতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা রেসকোর্সের ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে বের হয় তাজমীন। পরে সে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়।

বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামার পর মেয়ের সঙ্গে ফোনে কথা হয় তার। এরপর আর যোগাযোগ করতে না পেরে সকালে মেয়ের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করেন তিনি। পরে জানতে পারেন, ফোনটির অবস্থান লালমাই থানা এলাকায়। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে জগতপুরের ফসলি জমি থেকে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজিও উদ্ধার করা হয়েছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিল। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970