জামালপুরে মক্তবে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবে আরবি পড়তে আসা এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিক্ষকতা করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। এ সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করানোর সুযোগে তাকে ধর্ষণ করেন শিক্ষক মুছা মিয়া।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্তের পর ২০২১ সালের ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।