টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ২৫ অক্টোবর দুপুরে গাজীপুর মহানগর হাকিম আদালত ২ এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি দেওয়া হয়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এ ঘটনায় সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক আসামির জামিন আবেদন নাকচ করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শরিফুল আলম দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড বা মামলা নেই। মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। এসব যুক্তি তুলে ধরে আসামির জামিন চাওয়া হয়েছিল।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলার বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর ব্যাপারে সতর্ক করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে গুজব থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন পুলিশ কমিশনার। রোববার সকালে গাজীপুর মহানগর পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের আনুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর মাদ্রাসাটির অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ করেন, একদল লোক প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক ও কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করেন।

পাল্টা মামলা দায়েরের পর শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। কোনো পক্ষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970