ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা হবে: সাদিক কায়েম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
আগামী ডিসেম্বরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলেন সাদিক কায়েম।
বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ছাড়া আগের দিন গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে ডাকসু ভিপি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে।
তবে এসব অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগ আর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন সাদিক কায়েম। তিনি বলেন, এই ডিসেম্বরেই বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে, ইনশাআল্লাহ।