জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথেষ্ট মজুদ আছে: প্রতিমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম
জ্বালানি তেল নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক আছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধাবস্থার কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তবে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত কয়েক দিনে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা আতঙ্ক থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। এই অযথা আতঙ্ক দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছে। সরকার চেষ্টা করছে যেন দেশের বাজারে দাম না বাড়ে। তবে পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিষয়টি জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এ ক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।