দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরি দুই লাখ টাকার নিচে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ফলে দীর্ঘ সময় পর সোনার ভরি আবারও দুই লাখ টাকার নিচে নেমেছে।

রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।

এর আগে ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে ২০ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা। নতুন দর কার্যকর হওয়ার আগ পর্যন্ত শনিবার এসব দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

এদিকে সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970