দেশে এখন কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ২৮ হাজার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি- সব মিলিয়ে সাধারণ মানুষ যেখানে সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন, ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে ব্যাংক খাতের বড় অঙ্কের জমায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে দেশে কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এক লাখ ২৮ হাজার অতিক্রম করেছে।
অর্থনীতিবিদদের মতে, মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ ক্রমবর্ধমান খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, ফলে ছোট অঙ্কের আমানত কমছে। বিপরীতে ধনী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও মূলধন বৃদ্ধি অব্যাহত থাকায় বড় অঙ্কের অ্যাকাউন্ট বাড়ছে দ্রুতগতিতে।
বাংলাদেশ ব্যাংক জানায়, কোটি টাকার হিসাব মানেই সবসময় ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়—অনেক সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান এবং একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক হিসাবও এই তালিকায় রয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকে মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার। তিন মাসে নতুন যোগ হয়েছে প্রায় ৫৬ লাখ হিসাব।
একই সময়ে কোটি টাকার বেশি আমানতধারীদের হিসাব বেড়েছে ৭৩৪টি। তবে লক্ষণীয় বিষয় হলো- সংখ্যা বাড়লেও এসব হিসাবে মোট জমা অর্থ কমেছে। জুন শেষে যেখানে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, সেপ্টেম্বর শেষে তা নেমে এসেছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। তিন মাসে কমেছে প্রায় ৫৯ হাজার কোটি টাকা।
ঐতিহাসিক তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে মাত্র ৫ জন কোটিপতি আমানতকারী ছিল দেশে। সেই সংখ্যা এখন এসে পৌঁছেছে ১ লাখ ২৮ হাজারে, যা দেশীয় অর্থনীতির কাঠামোতে বৈষম্যের প্রসারকেও স্পষ্টভাবে তুলে ধরে—মত বিশেষজ্ঞদের।