১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম
বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান প্রথম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা প্রথম পত্র (বিষয় কোড-১২১) পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি, তাদের মধ্যে যারা ইতোমধ্যে নিজ নিজ কেন্দ্রে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে, তাদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীর ঢাকা-৫১ কেন্দ্রের (কেন্দ্র কোড-১১৮) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, চকবাজারে এ পরীক্ষা নেওয়া হবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।