প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, বন্ধ পাঠদান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে ৩ দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে।

দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দাবিগুলোর বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন—এই তিন দফা দাবিতে বহুদিন ধরে সরকারকে সচেতন করার চেষ্টা চলছে। কিন্তু আশ্বাসের বাইরে কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়ে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন তারা। তিনি আরও বলেন, কর্মবিরতি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতারও বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সহকারী শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস থাকলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় কর্মসূচি জোরদার করা হয়েছে। সংগঠন সতর্ক করেছেন, আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু হবে যদি তিন দফা দাবি পূরণ না হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। এপ্রিল মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার উদ্যোগ নিয়েছিল।

কিন্তু সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট, কারণ অন্যান্য সরকারি কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি থাকলেও দশম গ্রেডে উন্নীত হয়েছেন, অথচ প্রাথমিক সহকারী শিক্ষকরা স্নাতক ও বিশেষ কোর্স সম্পন্ন করেও এখনও ১৩তম গ্রেডে রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970