হলিউডের সম্মাননা অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন টেইলর সুইফট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
বিশ্বসংগীতের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবার হলিউডের মর্যাদাপূর্ণ সম্মাননা অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গালা’ অনুষ্ঠানে মঞ্চে উঠবেন এই মার্কিন গায়িকা।
বিশ্ব চলচ্চিত্রের তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানের শেষ পরিবেশনায় গান গাইবেন টেইলর সুইফট। তাঁর সংগীত পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে তারকাখচিত এই আয়োজন।
গত বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অ্যাকাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ।
এ বছরের অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কার মনোনীত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে। চলচ্চিত্র জগতের এই তিন বিশিষ্ট ব্যক্তিত্বের অবদানকে স্বীকৃতি দিতেই আয়োজন করা হয়েছে বিশেষ এই সংবর্ধনার।
অনুষ্ঠানে টেইলর সুইফটের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অ্যাকাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেইলর সুইফট অসাধারণ প্রতিভার অধিকারী একজন শিল্পী। তাঁর সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয় জয় করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরের গালায় টেইলর সুইফটকে স্বাগত জানাতে পেরে কর্তৃপক্ষ আনন্দিত। চলচ্চিত্রশিল্পকে উদযাপন ও সংরক্ষণের পাশাপাশি তিন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মান জানানোর এই বিশেষ সন্ধ্যা তাঁর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে।