রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণাকালে আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এ তথ্য জানান।
রায়ে বিচারক বলেন, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে তারা।
আদালত আরও জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংস নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণও পাওয়া গেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। তারা দেশটির একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের পৃথক পরিচয়ে পরিচিত করে।
রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণের বিষয়টিও রায়ে উঠে এসেছে। বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার ক্রমাগত খর্ব করা হয়েছে। তাদের সমাজের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়ে আরও অরক্ষিত করে তোলা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।
বিচারক আরও বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান ও নির্যাতনের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করা হয়েছে।