সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮ এ যুক্ত করা এই বিষয়টি আবারও সংবিধানে ফিরিয়ে আনা হবে। এটি তাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বলেও জানান তিনি।

রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে।

গণভোটের বিষয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে।

তিনি বলেন, সংবিধানে প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। এসব ক্ষেত্রে সংশোধন করা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের অনুমোদনের জন্য গণভোট আয়োজন করতে হবে। সংসদে বিল পাস হওয়ার পর এই সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাবের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে। ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে এই ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক বলেন, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জোর চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল প্রস্তুত করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করা হতে পারে। এরপর বিলটি নিয়ে আলোচনা ও সংশোধনী শেষে সংসদে পাস হলে গণভোটের মাধ্যমে সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970