আমরা রাজনীতি করি ইবাদত মনে করে: রেজাউল করীম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) বলেছেন, আমরা রাজনীতি করি ইবাদত মনে করে। ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার লোভ আমাদের রাজনীতির উদ্দেশ্য নয়। বর্তমানে দেশে দুর্নীতি, খুন, গুম ও অরাজকতা ভয়াবহ আকার ধারণ করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুমাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হলে বাংলার জনগণ প্রকৃত শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে। অন্যথায় অরাজকতা ও অস্থিরতা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। তিনি তার নির্বাচনি পরিকল্পনা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক মাওলানা সানাউল্লা নূরী, হাজি নুরুল আমিন খান, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী, যুগ্ম সমন্বয়কারী মুহা. ইয়াসিন, সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. সোহেল প্রধান, যুগ্ম আহ্বায়ক হাজি বিল্লাল তালুকদার, সমন্বয়কারী মুহা. রিদোয়ান, যুগ্ম সমন্বয়কারী আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।