আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে শিশু রামিশা হত্যাকাণ্ডসহ দেশজুড়ে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় সরকারের এড়ানোর সুযোগ নেই।

বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে শিশু রামিশা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ বাড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সামাজিক অপরাধ আরও বাড়বে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেও বাংলাদেশে দায় এড়ানোর প্রবণতা দেখা যায়। আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শিশু রামিশা হত্যাকাণ্ডের পরও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান, পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970