শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ ও উদ্বেগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৪৩ এএম
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়। দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনেও শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।
সংগঠনটির ভাষ্য, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।
হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। তাই ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরিবর্তে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।
সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম বলেছে, কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংগঠনটি শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।