গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো বললেন আইজিপি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ভবিষ্যতেও জেলার পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে আইজিপি বলেন, আগামীতে যেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চরম কোনো অবস্থানে যেতে না হয়, সে ধরনের পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আগামী ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে অতীতেও অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেসব কর্মসূচির শেষ পরিণতি কী হয়েছে, তা সবাই জানেন। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, থানাগুলো জনগণের জন্যই। জনগণের প্রয়োজনেই পুলিশ সেখানে কাজ করে। কিন্তু জনগণ যদি নিজেদের থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে?
তিনি আরও বলেন, দেশে আইন মান্যকারী নাগরিক না থাকলে এবং পুলিশকে জনগণ সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও সেখানে পুলিশের সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। জনগণের মানসিক ও সার্বিক সমর্থন ছাড়া এত কমসংখ্যক পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। জনগণ চাইলে পুলিশের পরিবর্তে নিজেরাই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারে।
থানায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণ চাইলে সরকার অবশ্যই সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।
আগামীতে আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী যা প্রয়োজন, সবই করা হবে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। পরে আইজিপি আলী হোসেন ফকির জেলা পুলিশের কল্যাণসভায় অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।