‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার সময় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজার থেকে নাপিতের পোল এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে তারা সেখান থেকে মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে গিয়ে প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময় কার্যালয়ের বাইরের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করার পর চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল।
এদিকে হামলার সময় ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মিছিলকারীরা সড়কে প্রায় ১০ মিনিট অবস্থান করে চলে যান। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। মিছিল নিয়ে যাওয়ার সময় তারা ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময় কার্যালয়ের দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।