চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, পাঁচ দিন পর পুকুরে মিলল মরদেহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চাঁদা না দেওয়ায় স্থানীয় এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে তাকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের বাবা।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা। তিনি সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত আবরাদ হাসান সজিব লালমাই কলেজপাড়া এলাকার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। স্থানীয়দের অভিযোগ, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পাঁচ দিন আগে লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন সজিব। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রেদোয়ান।
ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা দেলোয়ার হোসেন। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার একটি পুকুরে রেদোয়ানের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ছেলের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সজিবের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ তুলেছেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, সজিব তার ছেলের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করা হয়। এরপর আর কোনো ঝামেলা হবে না বলে ভেবেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছেলের মরদেহ দেখতে হয়েছে তাকে। সজিবই তার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করেন নিহতের বাবা।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে ওঠা হত্যার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।