থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম
বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে দুই পক্ষের আলোচনা চলাকালে এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আবু বক্কর সিদ্দিক। তার বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ৭ অক্টোবর দুপুর ২টার দিকে কাহালু থানার গোলঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে বুধবার দুপুরে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক মোহাম্মদ আলী। এ সময় আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে তদবির শুরু করেন।
আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজন পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
পরে পুলিশ তার বিষয়ে তথ্য যাচাই করে মামলার অস্তিত্ব নিশ্চিত করে। এরপর থানার গোলঘর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে। বিষয়টি জানার পর যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব
স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বর, রাত ৪টায় পরোটা চাওয়ার কথা বলে সমালোচনায় মুকিত
স্বামীকে দাফনের এক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি চিরনিদ্রায় দম্পতি