বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখিনি: মাদানী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নানা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি দাবি করেছেন, বিয়ের আগে নতুন স্ত্রীকে কখনও দেখেননি এবং তার সঙ্গে কোনো ধরনের সম্পর্কও ছিল না।

সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন রফিকুল ইসলাম মাদানী। এরপর বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় নতুন স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কেউ কেউ আবার বলেন, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল।

তবে এসব অভিযোগকে গুজব বলে দাবি করেছেন মাদানী। তিনি বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি এই মেয়েকে কোনো দিন দেখিনি। এমনকি তার সঙ্গে একবারও কথা হয়নি। টিকটকে আমার কোনো দিন কোনো আইডিও ছিল না।’

রফিকুল ইসলাম মাদানী জানান, তিনি একটি বৈবাহিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী, তাদের তথ্য জমা নেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে সামঞ্জস্য থাকলে সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং সম্মতি পেলে বিয়ে সম্পন্ন হয়।

প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কেন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। মাদানী বলেন, ফরম পূরণের বিষয়টি তিনি আগেই প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন। তার ভাষ্য, উপযুক্ত পাত্রী পাওয়ার সময়টি প্রথম স্ত্রীর গর্ভাবস্থার সময়ের সঙ্গে মিলে গেছে। বিষয়টি নিয়ে তিনি নিজেও দ্বিধায় ছিলেন এবং সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে।

তিনি আরও দাবি করেন, সংসারজীবনে প্রথম স্ত্রীর প্রতি তিনি দায়িত্ব পালনে অবহেলা করেননি। তার কথায়, ‘আড়াই বছরের সংসারে আমার স্ত্রী যদি কখনও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকে, কেউ তা প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।’

রফিকুল ইসলাম মাদানী বলেন, দ্বিতীয় বিয়ের কারণে তার নিজের মধ্যেও এক ধরনের অপরাধবোধ তৈরি হয়েছে। তবে তিনি মনে করেন, প্রথম স্ত্রীর প্রতি ন্যায়বিচার ও দায়িত্ব পালনের মাধ্যমেই বিষয়টি প্রমাণ করতে হবে।

এদিকে তার বিয়ের ঘটনায় মাওলানা মামুনুর রশীদ কাসেমী এবং সংশ্লিষ্ট বৈবাহিক প্রতিষ্ঠান নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে মাদানী বলেন, প্রতিষ্ঠানটি কেবল স্বেচ্ছায় আগ্রহী দুই পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়, কাউকে জোর করে বিয়ে করানো হয় না।

পোস্টের শেষাংশে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, সমাজে আরও বড় বড় অনৈতিক ঘটনা ঘটলেও তার দ্বিতীয় বিয়ে নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970