মগবাজারে নবীনের শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
রাজধানীর মগবাজারে একটি পাঞ্জাবির শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।
বুধবার প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জাস্টিস অব পিস হিসেবে তিনি এই নির্দেশনা দেন।
আদালতের আদেশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মগবাজারের বিশাল সেন্টার নামের একটি বিপণিবিতানে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় কয়েকজনকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।
আদেশে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। পুলিশের এমন আচরণ কেন আইনবহির্ভূত এবং পেশাদারিত্ববিরোধী হিসেবে বিবেচিত হবে না—এ বিষয়ে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে ওই পাঞ্জাবির দোকানটি খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহ করে আদালতে জমা দিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে নির্দেশ দেওয়া হয়েছে।