সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার, ২৭ সেপ্টেম্বর বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।
মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।
এর আগে শনিবার, ২৬ সেপ্টেম্বর দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে তিনি জানান, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।
পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।
তিনি আরও বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।