মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন ট্রাম্প? -প্রশ্ন কংগ্রেস নেতার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন— যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও অপহরণ করতে পারেন?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পৃথ্বীরাজ চবন লেখেন, ‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’ তার এই মন্তব্য ঘিরে ভারতজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। ওই ঘটনার পরই চবনের মন্তব্য সামনে আসে।
চবনের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। কেউ কেউ তার মন্তব্যকে ‘হাস্যকর’, ‘অপরিণত’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন মন্তব্য দেশটির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে বলেও মত দেন সমালোচকরা।
এ বিষয়ে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। তিনি চবনের বক্তব্যকে অনভিপ্রেত ও অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছিলেন। তিনি দাবি করেন, ৫০ শতাংশ শুল্ক কার্যত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করার শামিল, যার বড় ধাক্কা ভারতকেই সামলাতে হবে।
চবনের ভাষ্য, যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে ভারতের যে লাভ হতো, তা আর অব্যাহত থাকবে না। ফলে ভারতকে বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র যা করেছে, ভবিষ্যতে ভারতের সঙ্গেও তেমন কিছু হলে পরিস্থিতি কী দাঁড়াবে?
উল্লেখ্য, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করার একদিন পরই পৃথ্বীরাজ চবনের এই মন্তব্য সামনে এলো, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।